বাকৃবিতে জয়নুলের আবেদিনের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
 
শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও রোকেয়া গ্রন্থাগার বাকৃবি শাখা এ প্রদর্শনীর আয়োজন করে। 
 
রোকেয়া গ্রন্থাগারের সংগঠক হান্নান সরকারের সঞ্চালনায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক রয়া ত্রিপুরার সভাপতিত্বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, পশুপালন অনুষদের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ। 
 
পরে ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য। প্রদর্শনীতে বাকৃবির ৫ জন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শিত হয়।
 
ইত্তেফাক/ইউবি