প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন রৌনক জাহান। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ভারপ্রাপ্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান। রৌনক জাহান সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রতিমন্ত্রী ইমরান আহমদের পক্ষ থেকে তার একান্ত সচিব আহমদ কবীর সচিব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের অভিপ্রায় ব্যক্ত করে রৌনক জাহান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সবাইকে সবার আগে মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। দক্ষতা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এসময় অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, নাজীবুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।