পুলিশ দম্পতি মাহফুজুর রহমানের হত্যা মামলায় ডেথ রেফারেন্সে আপিলের ওপর রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করে। এই মামলায় পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল ঢাকার একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। পাশাপাশি মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে।
গত ৫ মে হাইকোর্টে ঐশীসহ উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য গ্রহণ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। এরপরই আজ রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করে দেয় আদালত।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে খুন করার কথা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে