ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুই ট্রাকের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত ও ৬ জন আহত হয়েছেন। আজ রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকোপা থানাধীন ধুলিয়াপাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে জেহের আলী শেখ (৪০) ও একই থানাধীন উত্তর মীর্জাপুর এলাকার মৃত আলাউদ্দিন শেখের ছেলে নূর ইসলাম (৪৫)।
গৌরনদী হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রউফ জানান, দক্ষিণ কটকস্থল নামক স্থানে বরিশালগামী একটি ট্রাক বিকল হয়ে গেলে সেটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। ওই ট্রাকটিতে বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট বোঝাই ছিল। বরিশালগামী অপর একটি ট্রাক ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য আজ রবিবার ভোরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই