মাগুরায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৮ জনের মধ্যে ৭ জন আজ রবিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ফিরোজ মামুনের আদালতে জামিনের আবেদন করে। পরে আদালত ৭ জুন জামিন শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করার নির্দেশের পাশাপাশি জামিনের শুনানি অনুষ্টিত হবে। এই ৭জনকে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মাগুরা জেলার শালিখার উপজেলার আড়পাড়ায় জঙ্গি সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেন এবং বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীর এই ৮ জনকে আটক এবং এদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বাল্ভ তৈরির ডিভাইস, ২টি পিতলের বড় মূর্তিসহ কয়েকটি ছোট মুর্তি, জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় শালিখা থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। শালিখা থানার এস আই আশিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য ৭জনের বিরুদ্ধে ৫৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এমআই