ঘোষিত বাজেটকে দেশের একজন মানুষও ভালো বলছেনা: ফখরুল

 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত বাজেটকে দেশের একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে ভালো বলছে। যেসব অর্থনীতিবিদ আওয়ামী লীগের প্রতি দুর্বল তারাও বলছে এটা বাংলাদেশের সবচেয়ে খারাপ বাজেট। জনগণের ওপর বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ প্রকৃতগতভাবে লুটেরা। বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের লুটপাটের প্রজেক্ট।
 
বিএনপির মহাসচিব বলেন, তারা করবে চুরি, তারা করবে লুটপাট তারা বিদেশে বাড়ি তৈরি করবে আর সেটার খেসারত দেবে বাংলাদেশের মানুষের করের টাকা দিয়ে।
 
রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এক কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা উদারপন্থী রাজনৈতিক দল। আমরা নির্বাচন করেই রাষ্ট্রপরিচালনায় যেতে চাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য। সেই নির্বাচনে যাতে সবাই ভোট দিতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা আর কোনো নির্বাচন দেশে হবে না। এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রীর নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আমরা আদায় করবো।

ইত্তেফাক/এএম।