নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোশারেফ হোসেন সাগর (২০) মান-অভিমানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় আদর্শ পাড়া বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল সংলগ্ন দোকান ঘরের একটি কক্ষ থেকে তার ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সাগরের পরিবারে পারিবারিক কোন্দল চলে আসছে। শনিবার সাগরের পিতা মো. শাহজাহান ও সাগরের সৎ ফুফু সাগরের মাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে লাঠি আঘাতে সাগরের মায়ের মাথা ফেটে যায়।
সাগর তার মাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসে। বিকেল সাড়ে ৫টায় মওদুদ স্কুল সংলগ্ন তার নিজ দোকানে প্রবেশ করে এবং ভিতর থেকে বন্ধ করে দেয়। ইফতারের পরে তার বাবা সাগরকে খোঁজ করতে এলে দোকানে ভিতরে ঝুলন্ত লাশ দেখতে পায়।
পুলিশ লাশ উদ্ধার করে। সাগরের মা-বাবা ও সৎ ফুফু এই আত্মহত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওদিকে সাগর আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায়। তাতে তার সৎ ফুফু শিল্পী ও শিল্পীর মাকে দায়ী করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, পারিবারিক কলহের কারণে তার অপ-মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, আমরা সাগরের লাশ ঝুলন্ত অবস্থায় পেয়েছি। চিরকুটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য আমার সৎ ফুফু শিল্পী ও শিল্পীর মা দায়ী। তদন্ত চললে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
ইত্তেফাক/জামান