স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অসত্ পুলিশ অফিসারদের আইনের আওতায় আনা হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের জন্য কেনা হচ্ছে বিশেষ হেলিকপ্টার। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে পুলিশ বাহিনীর লোক হোক আর সেনাবাহিনীর লোক হোক। আইন সবার জন্য সমান। পুলিশও যদি অন্যায় করে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, ছাড় দেয়া হবেও না।
আদালত বলেছেন, ২ লাখ পুলিশের মধ্যে মাত্র ১৩ হাজার পুলিশ অসত্ এবং তাদের জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। এ তথ্য আদৌ সত্য কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সত্য-মিথ্যার প্রশ্ন আসে না। সবার জন্যই আইন সমান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। তবে কেউ চাইলে মুখোশ হাতে রাখতে পারবেন। সারাদেশে নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অনুষ্ঠানস্থল চারুকলা, রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রবীন্দ্র সরোবরের মতো জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠানের দিন পুরো ঢাকায় চলাচলের জন্য ট্রাফিক প্ল্যান করবে ডিএমপি। মঙ্গল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ নতুন করে এরমধ্যে ঢুকতে পারবে না। অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো যাবে না। পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিকাল ৫টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। ৬টার মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। অনুষ্ঠানের আগের দিন বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া ঢাবি ক্যাম্পাসে চলতে পারবে না।
ফায়ার সার্ভিসের জন্য কেনা
হচ্ছে বিশেষ হেলিকপ্টার
বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে। যা দিয়ে দুর্যোগকবলিত মানুষকে উদ্ধার ও পানি নিক্ষেপ সম্ভব হবে।