লালমনিরহাটের কালীগঞ্জে স্বামী ও সতীন মিলে দুই গৃহবধুর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় গৃহবধু দুজনের শরীরের বেশ কিছু অংশে পুড়ে গেছে। আক্রান্ত দুজন হলেন, উপজেলার দলগ্রাম ইউনিয়নের কিশামত দলগ্রাম গ্রামের শান্তনা রানী ও তার বড় জা ব্রন্দ্রে নাথের স্ত্রী ঝরনা রানী।
আক্রান্ত ঝর্ণা নারী অভিযোগ করেন যে, গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে তারা দুজন ঘরের মধ্যে বসে আলাপ করছিলেন। এ সময় জানালা দিয়ে শান্তনার স্বামী গজেন্দ্র নাথ ও শান্তনার সতীন মালতি রানী কিছু তরলজাতীয় পদার্থ তাদের দিকে নিক্ষেপ করে। এতে ঝরনা রানীর গলা ও শান্তনা রানীর বাম হাত ঝলসে যায়।
তাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে প্রাথমে পানি ঢেলে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সাজিদ হোসেন খান বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি ফিজিক্যাল অ্যাসল্ট। এটা এসিড কিনা তা পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসা চলছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব জানান, এটি এসিড বলে মনে হচ্ছে না। এটি একটি অন্য কোন দাহ্য পদার্থ হতে পারে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর মোবাইল নম্বরে রাতে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
ইত্তেফাক, নূহু