রংপুরের ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন বাসযাত্রী। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সোনার মদীনা পরিবনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালেক পরিবহনের চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সোনার মদীনা পরিবহনের চালকসহ হতাহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, এ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৩০ জনকে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।
কোতয়ালি থানা ওসি (তদন্ত) আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/কেকে