ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সংঘর্ষে বাসটিতে আগুন লেগে গেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিল্লির আনন্দবিহার থেকে উত্তরপ্রদেশের গোন্ডায় যাচ্ছিল বাসটি। রবিবার রাত দেড়টায় উত্তরপ্রদেশের বরেলীর কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়। আর তাতেই বাসে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রীই ঘুমাচ্ছিলেন। আগুন লেগে যাওয়ার পরে কয়েক জন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। তারা প্রাণে বাঁচলেও, বাসের পিছনের দরজা বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীই বেরোতে পারেননি।
ঘটনাস্থলেই মারা যান ১৭ জন। পরে হাসপাতালে নিয়ে গেলে আরো ৫ জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বরেলীর পুলিশ সুপার যোগীন্দ্র কুমার বলেন, ‘অগ্নিদগ্ধ ১০ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। বাসের জানালা থেকে বাইরে লাফিয়ে নেমেছিলেন ২০ জন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।’
দুর্ঘটনার সময় বাসে মোট কত জন যাত্রী ছিলেন তা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানাতে পারেনি পুলিশ। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু