সন্তোষপুর বনে খাদ্য সংকটে বানররা, কোলে নতুন অতিথি

কড়া চাহনী। প্রতিটি পাতা পড়ার শব্দও এ চাহনীকে ফাঁকি দিতে পারে না। একটু স্পর্শ করতে দেয় না সাথীদের। সদ্য প্রসব করা বানরগুলো কোলে কোলে বাচ্চা নিয়ে ঘুরাফেরা করছে এদিক সেদিক। ২৫টি গর্ভবতী বানরের মধ্যে এ পর্যন্ত ২২টি প্রসব করেছে বলে জানা গেছে। 
 
এক সময় সন্তোষপুর বন থেকে অন্যান্য প্রানীর মত বানরের সংখ্যা কমতে শুরু করলে বিশেষ করে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন নানা মুখী উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে প্রধান উদ্যোগ ছিল খাবার সংকট দূর করা। কয়েক বছর ধরে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন খাবারের জন্য চাল দিয়ে আসছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে চাল দিলেও এটা আর আগের মত পাওয়া যায় না। এক সময় চাল আসতো ৫০ কেজির বস্তায় আর এখন চাল আসে ৩০ কেজির বস্তায়। 
 
বনবিট কর্মকর্তা আরজু মিয়া খাদ্য সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, আগের মত এখন আর খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তারপরও চেষ্টা চলছে। IMG0
 
সরেজমিনে রবিবার সন্তোষপুর বনাঞ্চলে দিয়ে দেখা গেছে, বানরগুলো বেশ ক্ষুধার্ত। চেঁচামেচি করছে। আগত দর্শনার্থীদের জাপটে ধরছে। খাবার না পেয়ে দর্শনার্থীদের আঁচর ও কামড় দিচ্ছে।  
 
স্থানীয়রা জানান, বানরগুলো প্রসবের পর নিয়মিত খাবার না পেলে বাচ্চাগুলো বুকের দুধ খেতে পারে না। গতবারও এই সময়ে বানরের খাদ্য সংকট দেখা দিয়েছিল বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/এমআই