গোলযোগপূর্ণ কাশ্মীরে সোমবার ভোরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে হামলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।
এক মুখপাত্র বলেন, হামলাকারীরা ভোরের আগে ভারত শাসিত কাশ্মীরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি ক্যাম্পের বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়।
সিআরপিএফ’র মুখপাত্র ভুবেশ চৌধুরী বলেন, ‘তারা ক্যাম্পে হামলার চেষ্টা করে। তবে তাদেরকে ক্যাম্পের গেটের ভেতরেও ঢুকতে দেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘অত্যন্ত সফল ও চমৎকার এই অভিযানে হামলাকারীদের চারজনই নিহত হয়েছে। আমাদের পক্ষের কেউ আহত হয়নি।’
হামলাকারীদের কাছ থেকে চারটি রাইফেল, গ্রেনেড ও অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এএফপি।
ইত্তেফাক/সেতু