রাজধানীতে বড় বড় শপিংমলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ছিনতাই, পকেট কাটাসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মতো যন্ত্রপাতি স্থাপন করে বড় বড় শপিংমলে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ডিএমপির পক্ষ থেকে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপরিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, ঈদ সামনে রেখে রাজধানীর সব মার্কেট ও শপিংমলকেন্দ্রিক নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার মধ্যে রয়েছে শপিংমল ও মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা এবং এর চারপাশের ট্রাফিক ব্যবস্থা। নগরবাসীর সহযোগিতায় ডিএমপির গ্রীহিত নিরাপত্তাবলয়ের মধ্যে- মার্কেট ও শপিংমলের প্রতিটি অংশ রয়েছে সিসি ক্যামেরার আওতাভুক্ত। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর ক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে। ঈদ কেনাকাটায় বড় অঙ্কের টাকা আনা-নেয়ার জন্য রয়েছে পুলিশের ‘মানি এস্কর্ট’ ব্যবস্থা।
মার্কেটের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পুলিশী পাহারায় থাকছে নারী পুলিশের বিশেষ দল। মার্কেটে ইভটিজিং প্রতিরোধে কাজ করছে বিশেষ ইউনিট। মার্কেটের সামনে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে কমিউনিটি পুলিশ। রাতে ঈদ কেনাকাটার পর নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে রয়েছে টহল পুলিশের একাধিক দল। নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করতে মার্কেটে যাতে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা থাকে, তা মার্কেট কমিটির সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হয়েছে। শপিংমলের অধিক জনসামাগমস্থলে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞান-মলম পার্টি প্রতিরোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকের পুলিশ।
ইত্তেফাক/এএম।