রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের মুল নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেই ব্যালন ডি অঁর খেতাবে দেখতে চায় ভক্তরা। যার জোড়া গোলে ভর করে শনিবার লা লীগার ১২তম শিরোপা জয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালীয় ক্লাব জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুই গোল করেন রোনালদো। রোববার রিয়ালের সান্তিয়াগো বার্নব্যু স্টেডিয়ামে ৮১ হাজার দর্শকের উপস্থিতিতে আতশবাজি পুড়িয়ে উদযাপন করা শিরোপা উৎসবে নতুন চুলের কাট নিয়ে হাজির হয়েছিলেন পর্তুগাল সুপার স্টার রোনালদো। এসময় সতীর্থ খেলোয়াড়রা রোনালদোকে উঁচিয়ে ধরেন এবং সমবেত সুরে বলতে থাকেন ‘ক্রিস্টিয়ানো ব্যালন ডি অঁর’।
প্রতিবছর আয়োজিত বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠত্বের দৌঁড়ে এমনিতেই এগিয়ে রয়েছেন রোনালদো। এবার পেলে সেটি হবে তার বর্ষ সেরার পঞ্চম খেতাব। ফলে বার্সেলোনা তারকা লিওনেল মেসির সমান সংখ্যক খেতাব জয়ীর আসনে উপবিষ্ট হবেন এই পর্তুগাল তারকা।
এসময় রোনালদো বলেন, ‘দর্শনীয় এই মৌসুমেই সত্যিটা উদ্ভাসিত হবে।’ ৫৯ বছরের ইতিহাসে এই প্রথম মাদ্রিদ একই মৌসুমে লা লীগা এবং চ্যাম্পিয়ন্স লীগের খেতাব জয় করেছে। অধিনায়ক সার্জিও রামোস বলেন, ‘প্রথম ম্যাচ থেকে আপনারা যে ভালবাসা দেখিয়েছেন এ জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানতাম এবারের মৌসুমটি অন্যরকম হতে যাচ্ছে। প্রথম মিনিট থেকেই দলটি কঠিন পরিশ্রম শুরু করেছিল। ফলে আমরা দারুণভাবে ডাবল শিরোপা জয় করতে পেরেছি।’
এর আগে ঐতিহ্য মোতাবেক একটি খোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে সমবেত বিপুল দর্শকদের সামনে হাজির হয় ট্রফি সহ লিগাল মাদ্রিদের খেলোয়াড় ও কর্মকর্তারা। এসময় অবশ্য সেখানকার নিরাপত্তা জোরদার করে স্থানীয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
হাজার হাজার দর্শকের সামনে এ সময় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ কোচ জিনেদিন জিদানের প্রশংসা করে বলেন, ‘খেলোয়াড়রা এখন রিয়াল মাদ্রিদের এবং ফুটবলের কিংবদন্তীদের কাতারে প্রবেশ করেছে। যেখানে আগে থেকেই আছেন আমাদের কোচ জিদান। এ জন্য তিনি বিশেষ প্রশংসা পাওয়ার যোগ্য।
তিনিই একামাত্র কোচ যিনি পরপর দুইবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেছেন। যে কারণে ইতোমধ্যেই তিনি বিশ্বের সেরা কোচের আসনে পৌঁছে গেছেন।’
এই ফরাসি তারকা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়ালে খেলোয়াড়ি জীবনেও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেছেন। এখন কোচ হিসেবে মাত্র ১৮ মাসের মধ্যেই তিনি এই শিরোপা জয়ের উৎসবে যুক্ত হয়েছেন।’
জিদান ভক্তদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অকুন্ঠ সমর্থন পেয়েই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। যেটি আপনারা চেয়েছিলেন। এ জন্য আপনাদের আবারো ধন্যবাদ জানাই।’ এই নিয়ে চার বছরের মধ্যে তিন বার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করল রিয়াল মাদ্রিদ। বাসস।
ইত্তেফাক/রেজা