ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ এক কারখানা বন্ধ, কয়েকটিতে ছুটি ঘোষণা

সাভারস্থ ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) শ্রমিক অসন্তোষের ঘটনায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে শিল্প পুলিশ বাধা দেয় এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল বুধবার সকালে ডিইপিজেডের নতুন জোনের ভিতরে অবস্থিত তালিসমান-১ নামক তৈরি পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো তালিসমান-১ কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায়। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের বেশ কয়েকটি কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেশ কয়েকটি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, ডিইপিজেডের নতুন জোনের তালিসমান-১ কারখানার শ্রমিকরা মঙ্গলবার থেকে কারখানায় কাজে যোগ দিয়ে বাত্সরিক ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করে। কিন্তু কর্তৃপক্ষের দাবি, তারা বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের ইনক্রিমেন্ট দেবার পরও শ্রমিকরা অহেতুক কর্মবিরতি পালন করছে। তাই কারখানা কর্তৃপক্ষ চলমান অসন্তোষের ঘটনায় বুধবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এছাড়া ডিইপিজেডের অন্য কারখানাগুলোতে স্বাভাবিক কাজ চলমান রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।