নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচরে মো. বজলুর খানকে (৬০) দা দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের শরিফ ভূঞা। নিহত বজলুর খান সাধারচর গ্রামের মৃত রূপচান খানের ছেলে।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির অদূরে কলা বাগানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কলাবাগানে কাজ করার সময় গিয়াস উদ্দিন ভূঞার ছেলে শরিফ ভূঞা (৩৫) বজলুর খানকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানার এস আই রিজাউল কাজী ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতেল প্রেরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআই