জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা পদে পুনর্বহালের দাবিতে এবার রাজধানীতে মানববন্ধন করেছেন দলের নেতা-কর্মীদের একটি অংশ। দাবি আদায়ে গঠন করা হয়েছে ‘জাতীয় পার্টি ঐক্যজোট’। ঐক্যজোটের নেতা-কর্মীরা গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এর আগে একই দাবিতে রংপুরে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে রংপুর জাপার একাংশ। ঢাকায় মানববন্ধনে ‘জাতীয় পার্টি ঐক্যজোট’- এর সভাপতি শফিউল্লাহ বলেন, দলের ভেতর লুকিয়ে থাকা হাতে গোনা কয়েকজন নেতার ষড়যন্ত্রের শিকার হয়েছেন জি এম কাদের।
প্রসঙ্গত, গত ২২ মার্চ জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পরদিন জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেন এরশাদ।