গোঁড়ালির ইনজুরির কারনে চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তানী বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। বার্মিংহামে রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে ৩১ বছর বয়সী এই পেসার ইনজুরি আক্রান্ত হন।
ভারতীয় ইনিংসের ৪৬তম ওভারে রিয়াজ ইনজুরিতে পড়েন। ঐ সময় তার গোঁড়ালিতে প্রচণ্ড ব্যাথা অনুভূত হচ্ছিল বলে জানা গেছে। ৮.৪ ওভারে ৮৭ রান দিয়ে ওয়াহাব আর বোলিং করতে পারেননি। তখনই তাকে মাঠ থেকে বের করে আনা হয়। পরবর্তীতে আর ব্যাটিংয়েও নামতে পারেননি। সোমবার স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। এ কারণেই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর তিনি খেলতে পারছেন না বলেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই ওয়াহাবের বদলী খেলোয়াড়ের জন্য আইসিসি টেকনিক্যাল কমিটির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। পাকিস্তান স্কোয়াডে এখন মোহাম্মদ আমির ছাড়াও আরো রয়েছেন হাসান আলী, জুনায়েদ খান ও ফাহিম আশরাফ। এদের মধ্যে আমিরও ভারতের বিপক্ষে ম্যাচে পেশীতে টান পড়ায় মাঠ ত্যাগ করেছিলেন।
এর আগে টুর্নামেন্টের শুরুতে ইংলিশ পেসার ক্রিস ওকস বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পিঠের ইনজুরিতে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন স্টিভেন ফিন। বাসস।
ইত্তেফাক/রেজা