৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির কীর্তি হয়নি। এই ব্যক্তিগত আফসোস থাকলেও তামিম ইকবাল প্রতিদিনের মতো এই ম্যাচে আরও একবার প্রমাণ করলেন, তিনি বাংলাদেশের সেরা ভরসা। তামিমের পারফরম্যান্সে শুধু সমর্থকরা নয় মুগ্ধ ওপাশ থেকে তার ব্যাটিং দেখা সতীর্থ সাকিব আল হাসানও, ‘অসাধারণ ব্যাট করছে তামিম। শুধু এ ম্যাচে নয়, দুই ম্যাচেই। বেশ কিছুদিন থেকেই ও আমাদের দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার।’
তামিমকে এই চেহারায় দেখতে পারা মাশরাফি বিন মুর্তজার জন্য একটি ব্যক্তিগত তৃপ্তির ব্যাপারও। তামিমের ক্যারিয়ারে খুব বাজে সময় এমনিতে তেমন আসেনি। তবে একটু-আধটু যা খারাপ সময় এসেছে, সমালোচকদের প্রিয় লক্ষ্য ছিলেন তামিম। সেই সময়ে মাশরাফি ক্রমাগত পাশে থেকেছেন তামিমের। সমর্থন দিয়ে গেছেন। উৎসাহ দিয়ে গেছেন। ভরসা জুগিয়েছেন। তামিমকে এমন ফর্মে দেখে তাই উচ্ছ্বসিত মাশরাফি, ‘পরপর দুটি ম্যাচে বিশ্বের সেরা দুটি দলের বিপক্ষে ও যে ব্যাটিং করেছে, এটাই বলে দিচ্ছে ও কেমন ফর্মে আছে। শুধু এখানেই নয়, শেষ কয়েকটি ইনিংসেই। শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে এসেছে, আয়ারল্যান্ডে ভালো করেছে, এখানে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছে, এরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেই ফেলেছিল। আমার কাছে মনে হয়, বিশ্বমানের ব্যাটসম্যানরা ফর্মে থাকলে যেমন খেলে, ও ঠিক সেভাবেই ব্যাট করছে। ফর্ম বলতে এটিকেই বোঝায়। ফর্মে আছে, সেটিকে দারুণভাবে কাজে লাগাচ্ছে।’
সাকিব দারুণ খুশি যে তামিম ফর্মটা কাজে লাগাচ্ছেন, রানের স্তূপ গড়ে তুলছেন। এই রানের পাহাড়ে তামিমকে আরও উঁচুতে দেখতে চান সাকিব, ‘আশা করি, পরের ম্যাচটিও এভাবে ভালো করবে। কারণ যেহেতু ভালো সময় যাচ্ছে, আমি চাইব যতদিন পারে, যত বেশি দিন পারে, ভালো সময়টা যেন টেনে নেয়। আর আমরা যারা বাইরে আছি, তারাও যেন অবদান রাখতে পারি, যেন দল ভালো করে।’
ইত্তেফাক/মোস্তাফিজ