জয়পুরহাটের কালাইয়ে আরিফুল (২৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আরিফুলের মা সুফিয়া ও প্রতিবেশি সৈকত।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে কালাই উপজেলার পাঁচগ্রামের আজিজার রহমানের ছেলে আরিফুল মুরগির খামারে খাদ্য দিতে গেলে খামারের ভিতরে ঝুলন্ত তারে জড়িয়ে যান। তা দেখে তার মা সুফিয়া ও প্রতিবেশি সৈকত ছুটে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষ অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার আরিফুলকে মৃত ঘোষণা করেন। আহতে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কালাই থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই