ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইব্রাহিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম ওই উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে।তবে পুলিশের দাবি ইব্রাহিম তার সহযোগীদের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার গ্রামে এ ঘটনা ঘটে।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে (৩০) আটক করে। 
 
পরে রেনুয়ারাকে নিয়ে থানায় আসার পথে চণ্ডিদ্বার গ্রামের একটি সড়কে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে পুলিশের উপর হামলা চালায়। ইব্রাহিম ধারালো দা দিয়ে এসআই রফিকুলের মাথায় কোপ দেন। এসময় ইব্রাহিম ও তার সহযোগীরা আটক রেনুয়ারাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
 
ওসি আরও জানান, পুলিশ ১৮ রাউন্ড গুলি ছুঁড়েছে, তবে ইব্রাহিম তার সহযোগীদের ছোঁড়া গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনার পর পুলিশ লতুয়ামোড়া গ্রামে চিরুনি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে  আটক করা  হয়েছে বলেও জানান ওসি।
 
ইত্তেফাক/এমআর