ভারতের ‘প্রধানমন্ত্রী’ এবার অনুপম খের

 
অনুপম খের হচ্ছেন এবার ভারতের ‘প্রধানমন্ত্রী’। অনুপমের স্ত্রী কিরণ খের সক্রিয় রাজনীতিতে আসেন ২০০৯ সালে। বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নামেন তিনি। তবে অনুপম খের কিন্তু সেই ট্র্যাকে হেঁটে রাজনীতিতে আসছেন না। তিনি ‘রাজনীতি’তে আসছেন শোবিজের লাইনে। বসছেন প্রধানমন্ত্রী পদেও।
 
অনুপম খের প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে তা বাস্তবে নয়, ফিল্মের পর্দায়। ভারতীয় মিডিয়ার খবর, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের চরিত্রে দেখা যাবে তাকে।
 
সঞ্জয় বাড়ুর বিতর্কিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিংহ’-এর ওপর চিত্রনাট্য লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হংসল মেহতা।
 
ছবিটি পরিচালনা করবেন বিজয় রত্নাকর গুটে। এটি তার ডেবিউ ছবি। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অনুপম। সব কিছু ঠিক থাকলে সুনীল ভোরা প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ডিসেম্বরে।
 
অনুপম বলেন, অতীতের কোনও চরিত্রে অভিনয় করা সবসময়ই চ্যালেঞ্জিং। তুলনাটা সবসময়ই এসে যায়। কিন্তু আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কী ভাবে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেটা দেখার জন্য আমিও অপেক্ষা করছি। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর