জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার নয়া মালপাড়া গ্রামে সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা মৌজার পৈত্তিক ১ একর ৬০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মালমারা গ্রামের কামরুল হুদার সঙ্গে ছানু মিয়ার বিরোধ চলে আসছিল। বুধবার ভোরে ছানু মিয়ার লোকজন জমিতে ঘর তুলতে গেলে কামরুল হুদার লোকজন বাধা দেয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত মজি মিয়া (৪৫), জয়নাল (৫০), হালিম (৪৫), আমিনুল (৩২), কল্পনাবেগম (২৫), বাবুল (৩৬), হাসানুর (৪৮), ছালাম (৪৫), শাহিন (২৭) আইফলসহ (২৮) উভয় পক্ষের ১৫ জনকে জামালপুর মেডিকেল কলেজ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষকে নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকে বসেছিলাম কিন্তু কোনো মীমাংসা করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এমআই