পিরোজপুরে হত্যার দায়ে দুই ভাইয়ের ফাঁসির আদেশ

হত্যার দায়ে পিরোজপুর শহরে নাজমুল হাসান নাইম ও হাফিজ হাসান নাহিদ নামে দুই সহোদরকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। সাদমান সাকিব প্রিন্স (১৪) নামের এক স্কুল ছাত্রকে খুনসহ লাশ গোপন করার চেষ্টার অপরাধে আজ বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। 
 
শহরের আদর্শপাড়ার ব্যবসায়ী জাকির হোসেন লিটনের ছেলে প্রিন্সকে ২০১৩ সালের ২৯ আগস্ট দণ্ডপ্রাপ্তরা খুন করে পাশের রায় পুকুরে ডুবিয়ে দেয়ার পর ১ সেপ্টেম্বর লাশ ভেসে ওঠে। এ ঘটনায় প্রিন্সের বাবা জাকির থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে নাহিদ ও নাইম এবং তাদের বাবা শফিকুল ইসলাম মাষ্টারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত হত্যার অপরাধে নাহিদ (২১) ও নাইমকে (১৯) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড  কার্যকরের আদেশ দেন। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়। পাশাপাশি হত্যা করে লাশ গুম করার অপরাধে তাদের সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে। 
 
নাইমের অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তদের বাবা শফিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সিরাজুল হক ও অ্যাডভোকেট শাহ আলম মামলা পরিচালনা করেন। 
 
ইত্তেফাক/এমআই