অবৈধ ভবনের মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করা হবে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবৈধ ভবন রক্ষায় মালিকদের করা মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমার সঙ্গে গণপূর্ত মন্ত্রীর কথা হয়েছে। তাঁকে আমি বলেছি, যখনই আমার প্রসিকিউশন টিম, অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে আমরা সব সহায়তা তাদের দেব। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, বিচারপ্রার্থী জনগণের মানসিকতার পরিবর্তন করতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি জনগণকে গ্রহণ করতে হবে। প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে, তিনি একটা প্র্যাকটিস ডিরেকশনের মাধ্যমে পাঠাবেন (আপোসযোগ্য মামলা), আমি প্রসিকিউশনকে বলেছি, দেখেন কোর্ট যদি বলে দেয় এটা আপোষযোগ্য আপনারা আপোষ করে আসেন। কোর্টে এসে আমাদের বলেন, এতদিনের মধ্যে আপোষ করেছেন। এ রকম একটি অনুশাসন যদি কোর্ট দেয় তবে জনগণের সাহস হয় সেটার ওপর আস্থা রাখা। আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন কোর্ট আপোষযোগ্য মামলাগুলোতে এমন অনুশাসন দিচ্ছেন, এ অনুশাসনের পরিপ্রেক্ষিতে মামলা আর আদালতে আসছে না। বাইরেই এটার নিষ্পত্তি হচ্ছে এবং কোর্টকে একটা রিপোর্ট দেওয়া হচ্ছে। এ ব্যবস্থা আপনারা শিগগিরই দেখবেন। তিনি বলেন, দেওয়ানি মামলার ব্যাপারে আমরা চেষ্টা করছি—আগে সিভিল প্রসিডিউর কোর্ট ছিল, সেই কোর্টের অনেকগুলো ধাপ রয়েছে। আজকের বাস্তবতায় সেই ধাপগুলো আমার মনে হয় কিছুটা কমিয়ে আনা যায়।