ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

 
নাটোরের লালপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদকে হাতেনাতে ঘুষের ২৫ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুদক রাজশাহী কার্যালয়ের একটি দল।
 
জানা যায়, উপজেলার দুই নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের অবসর প্রাপ্ত প্যারালাইজড কর্মচারী কহিনূর বেগম পেনশনের টাকা উত্তোলন করতে গেলে মোমিন আহম্মেদ তার কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ঘুষ দিতে রাজি হলেও কহিনুর বেগম এব্যাপারে দুদকের রাজশাহী কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।
IMG0
দুদক ঘুষ দেওয়ার জন্য ২৫টি এক হাজার টাকার নোট চিহ্নিত করে ফাঁদ পাতে। দুদকের পরামর্শ অনুযায়ী কহিনুর বেগম তার ছেলে চপলের মাধ্যমে বুধবার দুপুরের পর হিসাবরক্ষণ কর্মকর্তাকে ওই ২৫ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এসময় দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজের নেতৃত্ব একটি দল ছদ্মবেশে উপজেলা চত্বরে অবস্থান নেয়।
 
হিসাবরক্ষণ কর্মকর্তা ঘুষ গ্রহণ করলে দুদক টাকাসহ হাতেনাতে তাকে ধরে ফেলেন। কহিনূর বেগম উপজেলার গৌরীপুর গ্রামের মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের স্ত্রী। দুদকের টিমে ছিলেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভূইয়া, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম, রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক আলমগীর হোসেন ও উপসহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ। বিকেলে হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদকে থানায় হস্তান্তর করে।
 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম ১৬১ ধারায় সরকারি দায়িত্বে থেকে ঘুষ গ্রহণের দায়ে মামলা করেছেন।
 
ইত্তেফাক/জামান