১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, 'যারা নয়নের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং লংগদুর পাহাড়িদের বাড়ি-ঘর যারা আগুনে পুড়িয়েছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির বিধান করা হবে।' তিনি বলেন, 'এ দুর্বৃত্তরা দশ ও জনগণের শত্রু এদের ধর্ম-বর্ণ কিছু নেই। এরা পাহাড়িও না বাঙ্গালিও না, এরা সন্ত্রাসী।'
তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, 'যে সকল পাহাড়িদের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের ঘর-বাড়ী নির্মাণ করা হবে।' তাদেরকে চিরস্থায়ী ভাবে পুনর্বাসন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
রাঙ্গামাটির লংগদুর যুবলীগ নেতা নয়ন হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার সংগঠিত হামলায় পাহাড়ি তিনটি গ্রাম মানিকজোড়ছড়া, বাইট্টা পাড়া ও তিনটিলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এর নেতৃত্বে ১৪ দলের এক প্রতিনিধি দল।
এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, 'সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা না হয়।' তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পাহাড়ি বাঙ্গালী সকলের প্রতি আহ্বান জানান।
বুধবার দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় সংগঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এ সব কথা বলেন। এ সময় ১৪ দলের প্রতিনিধি দলে ফজলে হোসেন বাদশা এমপি, ড. শাহাদাত হোসেন, রেজাউল করিম খান, এজাজ আহম্মেদ, মোহাম্মদ আতা উল্লাহ খান উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দল বাইট্যাপাড়ায় মোটর বাইক চালক যুবলীগ নেতা নিহত নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান