গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮৭ রানে পরাজিত হয় নিউজিল্যান্ড। ম্যাচ হারের ক্ষত শুকাতে না শুকাতে জরিমানার করবে পড়তে হলো ব্ল্যাক-ক্যাপসদের। স্লো-ওভার রেটের কারনে নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও দলের বাকী অন্যান্য সদস্যদের ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কার্ডিফে ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ নামে নিউজিল্যান্ড। নির্ধারিত সময়ে মধ্যে বোলিং শেষ করতে পারেনি কিউইরা। দুই ওভার বেশি সময় নিয়ে নিজেদের বোলিং ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।
তাই ম্যাচ শেষে নিউজিল্যান্ডকে জরিমানার আওতায় আনেন ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তার সাথে ছিলেন অস্ট্রেলিয়ার দুই অন-ফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও পল রাইফেল। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আবারো স্লো-ওভার রেট দোষে দুষ্ট হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড। বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় কিউইরা। পরের ম্যাচে ইংলিশদের কাছে হেরে সেমির পথ কঠিন করে ফেলেছে ব্ল্যাক-ক্যাপসরা। সেমিতে যেতে হলে আগামী ৯ জুন কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে কিউইদের, পাশাপাশি পরের দিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে। তবেই সেমিতে খেলবে উইলিয়ামসন-টেইলররা।
ইত্তেফাক/রেজা