নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুমি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে একটি ধইঞ্চা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুমি আক্তার ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টায় রুমিকে ঘর থেকে কে বা কারা ফোন ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বুধবার সন্ধ্যায় তাদের বাড়ি থেকে প্রায় তিনশ' গজ দূরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ওসি সাখাওয়াত হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ওড়না পেঁচানো রয়েছে এবং পরনে ছিল সালোয়ার কামিজ। তবে ময়নাতদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ইত্তেফাক/জামান