পাকিস্তানি সিনেমায় অভিনয় করতে চান পরেশ রাওয়াল

পাকিস্তানি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করতে চান অভিনেতা পরেশ রাওয়াল! কারণ তাঁর মতে, ভারতীয় সিরিয়াল ‘বিরক্তিকর’।
 
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা পিটিআইকে জানিয়েছেন, আমি পাকিস্তানি ছবি কিংবা শো-তে কাজ করতে চাই। প্রতিটা পাকিস্তানি টিভি সিরিয়ালই আমার দারুণ লাগে। ‘হামসফর’-এর মতো সিরিয়ালের গল্প, অভিনয় সত্যিই খুব ভাল। সেই তুলনায় আমার মনে হয়, আমাদের শো-গুলো বিরক্তিকর।
  
ভারত-পাক সম্পর্কের যা অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে পরেশের এই বক্তব্য থেকে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি এদিন পাকিস্তানি খেলোয়াড় ও শিল্পীদের পাশে দাঁড়িয়ে বলেছেন, আমি বিশ্বাস করি, শিল্পী বা ক্রিকেটাররা বোমা মারতে আসেন না। তারা সন্ত্রাসবাদী নন। বরং দু-দেশের মধ্যে সেতু নির্মাণে তাঁরা কাজে আসতে পারেন।
 
পাক শিল্পীদের ‘নিষিদ্ধ’ করার বিরুদ্ধে পরেশের বক্তব্য, যেহেতু পরিস্থিতি ভাল নয়, তাই এখন এই সব সমস্যা নিয়ে কথা বলে লাভ নেই। আপাতত নিজের দেশের পক্ষে থাকাই ভাল।
        
বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৬৭ বছরের পরেশ। কিছুদিন আগেই সাহিত্যিক অরুন্ধতি রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন পরেশ। তাঁর প্রস্তাব ছিল, কাশ্মীরের বিক্ষোভকারীদের সামনে আর্মি জিপে করে ঘোরানো হোক লেখিকাকে। এখন দেখার, পাকিস্তানি সিনেমা ও সিরিয়ালের হয়ে সওয়াল করে তিনি নতুন করে কোনও বিতর্কে জড়ান কি না। এবেলা।
 
ইত্তেফাক/রেজা