গোয়ালন্দে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

 
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ করম আলী ওরফে কদম (৪২) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। নিহত করম আলী গোয়ালন্দ উপজেলার তেনাপচা এলাকার কোব্বাত আলীর ছেলে। 
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় আমজাদের ভিটা এলাকায় গেলে চরমপন্থী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি করলে করম আলী ওরফে কদম আহত হন। আহত অবস্থায় তাকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। 
 
এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
 
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।  তার মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে