বিএনপি নেত্রী একেক সময় একেক কথা বলেন : নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একেক সময় একেক ধরনের কথা বলেন। কোন কথায়ই তিনি স্থির থাকতে পারেন না। মিথ্যাচার করে তিনি সব সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। 
 
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
ঈদের আগে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোন সমস্যা হবে না জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, সরকারকে ঈদের সময় একটি ব্যাপক যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হয়। এ সময় যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে এবং নৌযানগুলো নিরাপদে চলাচল করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
সরকারের সঠিক পর্যবেক্ষণের কারণে ২০১৬ সাল থেকে নৌ দুর্ঘটনা শূন্যের কোঠায় রয়েছে দাবি করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা রোধে বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহন করে সফল হয়েছে। তাই ঈদে যাত্রীদের সড়ক ও নৌপথে যাতায়াতে কোন সমস্যা হবে না। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব সরকারের।
 
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার।
 
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান দুপুর ১২টার দিকে ঝালকাঠি লঞ্চঘাট, গাবখান চ্যানেল ও শেখেরহাট পুরাতন স্টিমার ঘাট পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/ইউবি