ইরানে ইসলামিক স্টেটের জঙ্গি হামলার পরে হোয়াইট হাউজের বিবৃতিতেও ইরানকে জঙ্গিবাদের মদদদাতা বলাকে অরুচিকর বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। বুধবারের জঙ্গি হামলায় তেহরানে ১২ জন নিহত হওয়ার পরে বিবৃতিতে নিহতদের জন্য প্রার্থনা করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, যেসব রাষ্ট্র জঙ্গিবাদকে মদদ দেয় তারাও এর শিকারে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরান বন্ধুত্বের এমন আহ্বান প্রত্যাখ্যান করে এবং যোগ করেন আইএসকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের মিত্ররা।
বুধবার তেহরানে আয়াতুল্লাহ খোমেনির মাজার ও পার্লামেন্টে আত্মঘাতী হামলাকারী ও বন্দুকধারীরা হামলা করে। জোড়া হামলায় কয়েক ঘণ্টা প্রায় অবরুদ্ধ থাকা তেহরানে ১৩ জন নিহত হয়। ইরান জানিয়েছে, হামলাকারীরা আইএসে যোগ দেয়া ইরানি নাগরিক। জঙ্গি সংগঠনটি শিয়া সংখ্যা গরিষ্ঠ দেশটিতে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।
এর আগে দেয়া একটি টুইটে জাভেদ প্রচ্ছন্নভাবে সৌদি আরবের দিকে আঙ্গুল তুলেন। তিনি বলেন, জঙ্গিবাদ মদদদাতা শাসকরা আমাদের দেশে লড়াইটা নিয়ে আসতে চাইছে। জঙ্গিরা তাদের প্রভুদের কাছে সবচেয়ে ঘৃণার বস্তু গণতন্ত্রের আসনকে আক্রমণ করেছে।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরান মধ্যপ্রাচ্যে প্রতিহিংসাপরায়ণ দুই প্রতিপক্ষ। সৌদি আরব ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত কতে গোড়া ইসলামি বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র যোগান দিয়ে আসছে। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থন করছে ইরান যাদের উৎখাতে সামরিক অভিযান পরিচালনা সৌদি নেতৃত্বাধীন মার্কিন জোট। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির