হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ এক স্কুল শিক্ষক গ্রেফতার হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (৩৬)।
বৃহস্পতিবার শুক্ল কর্তৃপক্ষ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির।
তিনি জানান, রফিকুল ইসলাম দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এতে তিনি ইয়াবা বহনের কথা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করেও কোনো ইয়াবা পাওয়া যায়নি। এরপর অধিকতর নিশ্চিত হওয়ার জন্য উত্তরার একটি হাসপাতালে তাকে নিয়ে এক্সরে পরীক্ষা করানো হয়। এক্সরে রিপোর্টে রেকটামে (মলদ্বার) কিছু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটে নিয়ে আসলে তিনি রেকটাম হতে চারটি ইয়াবার পোটলা বের করে দেন। পোটলাগুলো কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় মামলা হয়েছে। রফিকুলকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
আহসানুল কবির আরও বলেন, রফিকুলের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি নিজেকে বেসরকারি স্কুলশিক্ষক দাবি করেছেন। তবে তিনি কোন স্কুলের শিক্ষক তা জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি