দৈনিক ইত্তেফাকের খুলনা অফিসে চুরি

দৈনিক ইত্তেফাক খুলনা অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চোরেরা অফিসের প্রধান ফটকের হ্যাজবোল্ট ভেঙ্গে অফিসে প্রবেশ করে  ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার সেট চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় খুলনা থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৫১ সামসুর রহমান রোডস্থ দৈনিক ইত্তেফাকের খুলনা অফিস প্রধান এনামুল হক কাজ শেষে অফিস বন্ধ করার পর প্রধান ফটকে তালা দিয়ে ইফতারির জন্য বাসায় যান। শুক্রবার সকাল ১০ টার দিকে অফিস সহকারী মো. তরিকুল আলম অফিস খুলতে গিয়ে দেখেন প্রধান ফটকের হ্যাজবোল্ট ভাঙ্গা এবং তালা নেই। তিনি বাড়ির মালিককে নিয়ে ভেতরে গিয়ে দেখেন অফিসের মালামাল এলোমেলো ও অফিসের কম্পিউটার সেটটি নেই। এছাড়া টেবিলের ড্রয়ারে থাকা কাগজপত্রও এলোমেলো অবস্থায় রয়েছে।তিনি সাথে সাথে ঘটনাটি মোবাইল ফোনে অফিস প্রধানকে জানালে তিনি দ্রুত অফিসে এসে ঘটনাটি পুলিশকে জানান।
 
খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত চোরদের আটক ও চুরি যাওয়া কম্পিউটার উদ্ধারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
চুরির সংবাদ পেয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক সুবীর রায়, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ সাংবাদিকরা ইত্তেফাক অফিসে যান এবং চুরিকৃত মালামাল উদ্ধার এবং চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় শুক্রবার দুপুরে খুলনা থানায় জিডি  করা হয়েছে। জিডি নং (৪০৮)।
 
এদিকে দৈনিক ইত্তেফাক খুলনা অফিসে চুরির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক সুবীর রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো.  শাহআলম, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক এম এ হাসান।
 
ইত্তেফাক/এমআর