১০ পাউন্ডে কেনা আংটি বিক্রি হলো সাড়ে ৬ লাখ পাউন্ডে

সাধারণ গহনা মনে করে মাত্র ১০ পাউন্ড ( প্রায় ১১০০ টাকা) দিয়ে একটি আংটি কিনেছিলেন যুক্তরাজ্যের এক নারী। কিন্তু এটিকে যখন নিলামে ওঠানো হলো তখন এর দাম উঠলো ৬৫৬,৭৫০ পাউন্ড (প্রায় ছয় কোটি ৮৫ লক্ষ টাকা)।
 
এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। জানা গেছে, ওয়েস্ট মিডলসেক্স হাসপাতাল অঙ্গনে চ্যারিটির জন্য প্রায়ই নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি হয়। সেখান থেকেই ১৯৮০ সালে এটিকে এতো সস্তায় কিনেছিলেন ওই নারী। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, কয়েক দশক ধরে প্রায় প্রতিদিনই আংটিটি আঙুলে পরে ঘরদোরের কাজ করেছেন, বাজার করেছেন। তবে আঙুলের আংটি যে হীরার তা জানতেন না তিনি।
IMG0
তিনি বলেন, হীরার যে স্বাভাবিক উজ্জ্বলতা থাকে, এই আংটির সেটি ছিল না। ত্রিশ বছর আঙুলে পরে থাকার পর তিনি যখন লন্ডনের নামকরা নিলাম প্রতিষ্ঠান সোদেবির সাথে যোগাযোগ করেন, তখন তারাই তাকে জানান যে এটি একটি বহুমূল্য রত্ন। এরপরই ২৬ ক্যারেটের ওই হীরার আংটিটি নিলামে তোলা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু