দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা : নাসিম

দেশের বৃহত্তম পদ্মা সেতু নির্মাণসহ সামগ্রিক উন্নয়ন ও জঙ্গি দমনে বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার সাফল্য বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আরো এক বার রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া উচিৎ।
 
তিনি জাতীয সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্য সকল দলের অংশ গ্রহণ ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই। কারণ নির্বাচনের মাধ্যমেই একটি রাজনৈতিক দল সুসংগঠিত হতে পারে। নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচতে পারে না। 
 
শুক্রবার তিনদিনের সফরে সিরাজগঞ্জে পৌঁছে তার নির্বাচনী এলাকা কাজীপুর পৌরসভা আয়োজিত ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন  সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না এবং সরকার কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারে না।
 
কাজীপুর পৌরসভার মেয়র আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি