খ্যাতনামা ম্যাগাজিন পত্রিকা সচিত্র সন্ধানীর প্রকাশক ও সম্পাদক গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিলাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ছিলেন। রুচিশীল পাঠক তৈরির অন্যতম কারিগর ছিলেন তিনি।
শুক্রবার বাদ এশা নয়াপল্টন জামে মসজিদে জানাজা শেষে রাতেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গাজী শাহাবুদ্দিন স্ত্রী বীথি শাহাবুদ্দিন, মেয়ে গাজী শারমীন আহমদ ও ছেলে বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্রসহ অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গাজী শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি গলায় ক্যান্সারে ভুগছিলেন। কয়েকমাস আগে থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা করেছিলেন। তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে তার বাসভবন 'গাজী ভবনে' ছুটে আসেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রাবন্ধিক মফিদুল হক, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি ওসমান গনি, প্রকাশক মনিরুল হক, চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর স্ত্রী তাহেরা চৌধুরী, সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হকসহ আরও অনেকেই।
উল্লেখ্য, গাজী শাহাবুদ্দিন আহমদ ১৯৩৯ সালের ১১ ফেব্রুয়ারি নারিন্দার রুকনপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা গাজী শামসুদ্দিন আহমদ ও মা রাফিয়া খাতুন। ১৯৫৬ সালে স্কুলে পড়ার সময় সাংবাদিক আতাউস সামাদ ও শিক্ষাবিদ আনিসুজ্জামান একটি সাইকেল ও সামান্য কিছু টাকা সম্বল নিয়ে শুরু করেন সচিত্র সন্ধানী। শুরুতে এটা ছিল কিছুটা রম্য ও কিছুটা কার্টুনভিত্তিক পত্রিকা। বাংলাদেশের সেরা লেখকদের সেরা লেখার অনেকগুলোই ছাপা হয়েছে তার ম্যাগাজিনে। শহীদ জননী জাহানারা ইমামের বিখ্যাত ‘একাত্তরের দিনগুলি’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল সচিত্র সন্ধানীতে। পরবর্তীতে এটি প্রকাশনা সংস্থা আত্মপ্রকাশ করে। সন্ধানী প্রকাশনী থেকে দেশের খ্যাতনামা সাহিত্যিকদের বই ছাপা হয়েছে। যার মধ্যে রয়েছেন- জহির রায়হান, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, আবদুল গাফফার চৌধুরী, শামসুর রাহমান, সাইয়িদ আতিকুল্লাহ, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, মফিদুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, প্রনব ভট্ট, মুহম্মদ নুরুল হুদা, রবিউল হুসাইন, ত্রিদিব দস্তিগার, সুশান্ত মজুমদার, শিহাব সরকারসহ অনেকেই।
ইত্তেফাক/এমআই