সহশিল্পীর পাশে সালমান যখন শিক্ষক

 
নায়ক সালমান খানের পরিচয়ের অভাব নেই। নায়কোচিত স্বভাবের বাইরে তিনি একজন পরোপকারী মানুষ। সিনেমায় কন্ঠশিল্পী, প্রযোজক, নতুন তারকা বানানোর কারিগর ছাড়াও তিনি যে একজন ভালমানের সহশিল্পী সহায়ক শিক্ষক-তা প্রমাণ করে দেখালেন।
 
ঘটনা খুলে বলি, সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট। এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী। নায়িকার হিন্দি শেখানোর দায়িত্বটা অন্য কাউকে না দিয়ে সালমান নিজেই নিয়েছেন।
 
ভারতীয় গণমাধ্যম বলছে, হিন্দি ভাষা শিখতে বিশেষ ক্লাস করেছেন ঝু ঝু। হিন্দি উচ্চারণ শিখতে বেশ পরিশ্রম করেছেন তিনি। তবুও এক সময় এসে সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন ঝু ঝু, নির্মাতা কবির খানও সবকিছু নিখুঁত চান। শেষ পর্যন্ত ঝুঝুর সাহায্যে এগিয়ে আসেন সালমান। তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন।
 
সিনেমার শুটিংয়ের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান। প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায় সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন।
 
টিউবলাইট সিনেমাটি প্রযোজনা করছেন সালমানের মা সালমা খান এবং পরিচালনা করছেন কবির খান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে সালমান-ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে টিউবলাইট সিনেমাটি।
 
ইত্তেফাক/আনিসুর