শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অভিভাবককে মারধর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীকে মারধর করায় উপজেলা প্রশাসনের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে মারধরের শিকার হয়েছেন এক অভিভাবক। বৃহস্পতিবার সকালে উপজেলার সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

মারধরের শিকার কৃষক আয়নাল হোসেন অভিযোগ করেন, তার মেয়ে সুমাইয়া সড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার ক্লাসে পড়া না পারায় স্কুলের সহকারী শিক্ষক আবু সুফিয়ান সুমাইয়াকে বেদম মারধর করেন। সুমাইয়াকে আহত অবস্থায় স্কুল থেকে নিয়ে যান তিনি।

 

পরে মঙ্গলবার এ ব্যাপারে শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে আয়নাল হোসেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের কাছে একটি অভিযোগপত্র দেন। ইউএনও এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ানকে মঙ্গলবার কারণ দর্শানোর একটি চিঠি পাঠানো হয়।

 

আয়নাল জানান, কারণ দর্শানোর পত্র পেয়ে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ান ক্ষুব্ধ হন। তার কথা মতো বৃহস্পতিবার সকালে সড়াতলা গ্রামের মওলানা হযরত আলীর বাড়িতে এ ব্যাপারে একটি সভা ডাকা হয়। ওই সভায় আয়নাল হোসেন উপস্থিত নাহলে শিক্ষক সুফিয়ানের স্বজন সেলিম ও মজির হোসেনের লোকজন আয়নালকে রাস্তায় পেয়ে বেধড়ক মারপিট করে। ঘটনাটি জানতে পেরে কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দীনের সহযোগিতায় আহত আয়নাল হোসেনকে উদ্ধার করে তার (আয়নাল) বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সেলিম ও মজির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তারা আয়নাল হোসেনকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

 

কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, বিষয়টি দুঃখজনক। আয়নাল হোসেনকে চিকিত্সা দেয়া হচ্ছে। বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শিশু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মারধর বা ভয়ভীতি প্রদর্শন সরকারিভাবে একেবারেই নিষিদ্ধ। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অভিভাবককে মারধরের ঘটনা তারা অবহিত হয়েছেন। তদন্ত করে শিক্ষার্থী ও অভিভাবক পেটানো শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

ইত্তেফাক/এএম