২৭৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৫ রানেই ইংল্যান্ডের ৩ উইকেট পড়ে গেছিল। ইংলিশ শিবিরের কথা না জানা গেলেও তখন বাংলাদেশী দর্শকদের মনে ভয়ের চোরস্রোত বয়ে যাচ্ছিল। এই বুঝি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ওঠার স্বপ্ন ধুলিস্যাৎ হয়। তবে মাঝখানে খনিকের বৃষ্টি বাংলাদেশের দর্শকদের মনে সামান্য আশা জাগিয়ে তোলে।
এরপর সেই আশা আরো দৃঢ় হতে থাকে ইংলিশ অধিনায়ক মরগান ও অলরাউন্ডার স্টোকসের ব্যাটে ভর করে। কেননা এই দুজনের ব্যাটিং প্রচেষ্টায় ঘুরে দাড়াচ্ছে ইংল্যান্ড। দুজনে মিলে ১৩.২ ওভারে ৮৯ রানের জুটি গড়ে তুলছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৯ ওভারে ১২৪ রান তুলে নিয়েছে। স্টোকস ৫৩ ও মরগান ৫০ রানে ক্রিজে অপরাজিত আছেন।
এর আগে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই অসি পেসারদের বোলিং তোপে গুড়িয়ে যায় ইংলিশ টপঅর্ডার। অ্যলেক্স হেলস ০ ও জেসন রয় ৪ রানে বিদায় নেন। এরপর ইংলিশ রান মেশিন জো রুট ১৫ রান করে হ্যাজেলউডের শিকার হয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অসিরা।
উল্লেখ্য, এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেড ৬৪ বলে অপরাজিত ৭১, ওপেনার অ্যারন ফিঞ্চ ৬৪ বলে ৬৮ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৭৭ বলে ৫৬ রান করেন। ইংল্যান্ড পেসার মার্ক উড ও লেগ-স্পিনার আদিল রশিদ ৪টি করে উইকেট নেন।
‘এ’ গ্রুপের এটি সর্বশেষ ম্যাচ। এ ম্যাচে জিতলেই সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর অসিরা হেরে গেলে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গ্রুপের প্রথম দু’ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিতে নাম লিখিয়েছে ইংলিশরা। গতরাতে বাংলাদেশের কাছে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।
ইত্তেফাক/রেজা