দামুড়হুদায় ছেলেকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে, বাবার মামলা

 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১১ বছরের শিশু ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছে। ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় আলামিনকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোবিন্দহুদার চিৎলা গ্রামে যে শিশু পুত্র আলামিন খুন হয় তা তার মা হাসিনা খাতুন নিজেই করেছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশের স্বীকারোক্তিতে তার মা আরো জানান, সে আমার কথা শুনতোনা, আমাকেও খুন করার হুমকি দিত। এ জন্য তাকে আমি খুন করেছি।'
 
খুনের কাজে ব্যাবহার করা হাসুয়াটি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন।তার স্বীকারোক্তির পরপরই নিহত আলামিন এর পিতা আজিবর রহমান বাদী হয়ে মা হাসিনা খাতুনকে একমাত্র আসামী করে দামুড়হুদা মডেল থানায় মামলা রেকর্ড করা হয়।
 
উল্লেখ্য, নিহতের পিতা বৃহস্পতিবার ঢাকায় আম বিক্রি করতে গেলে ওই দিনগত গভীর রাতে কুপিয়ে শিশুপুত্র আলামিনকে খুন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল মা হাসিনা খাতুন। পুলিশ সন্দেহভাজন একই গ্রামের দুইজনকে আটক করেছিল। খবর পেয়ে পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশি তদন্তে একদিন পরই  ঘটনার মূল রহস্য বের হয়ে পড়লে সন্দেহ ভাজনদেরকে পুলিশ ছেড়ে দেয়।
 
ইত্তেফাক/জামান