বামনা-খোলপটুয়া সড়কটি যেন খাল, জনদুর্ভোগ চরমে

জেলায় বামনা উপজেলা শহরের প্রাণকেন্দ্র রাসেল চত্বর হয়ে খোলপটুয়াগামী সড়কটি এখন ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে। চলতি বর্ষামৌসুমে এই সড়কটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে পানি জমে আছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছ পথচারীরা।

সরেজমিনে জানা যায়, দুই বছর আগে এই সড়কটি বামনার গোলচত্বর হয়ে খোলপটুয়া পর্যন্ত মোট ছয় কিলোমিটার এলাকা সংস্কার করা হয়েছিল; কিন্তু বছর যেতে না যেতে সড়কের বিভিন্ন স্থানে বিটুমিনাস ও খোয়া ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এই গর্তে চলতি বর্ষা মৌসুমে পানি জমে বর্তমানে সড়কটি ছোট একটি খালে রূপান্তরিত হয়েছে। সড়কটির গোল চত্বর থেকে বামনা ডিগ্রি কলেজ পর্যন্ত সবচেয়ে বেশি খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি পানিতে ডুবে থাকায় খানাখন্দ না দেখেই যানবাহন চালাতে হয়। ফলে প্রায়শই এই সড়ক দিয়ে চলাচলরত যানবাহনে থাকা যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

এই সড়কের রিকশা চালক মো. আ. মতি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চালকেরা এই সড়কে প্রায় দুর্ঘটনার শিকার হয়। রাস্তার বেহালের কারণে যাত্রীরা এখন রিকশায় উঠতে চায় না। যাত্রীর অভাবে আমরা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছি’।

এ ব্যাপারে বামনা উপজেলা প্রকৌশলী মোশারেফ হোসেন জানান, শীঘ্রই সড়কটি সংস্কারে টেন্ডার আহ্বান করা হবে। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু বলেন, এই সড়কে চলাচলে আমাদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়কটি অচিরেই সংস্কারের জন্য বলা হয়েছে। আশা করি বর্ষা মৌসুমের পরেই সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, উপজেলা প্রকৌশলী দপ্তর ইতোমধ্যেই সড়কটি সংস্কারে একটি পরিকল্পনা তৈরি করেছে। এখন শুধু টেন্ডার প্রক্রিয়া বাকি। শীঘ্রই জনগণের এই দুর্ভোগের সমাধান মিলবে।

ইত্তেফাক/নূহু