রাঙামাটির লংগদুর ইউনিয়ন যুবলীগ নেতা ও ভাড়ায় চালিত মটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন (৩৪) হত্যার ঘটনায় আটক দুই পাহাড়ি যুবক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার দুপুরে আটককৃত রুনেল চাকমা ও জুনেল চাকমাকে খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে তোলা হলে তারা এই জবানবন্দি প্রদান করে। এরপর তাদের খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনায় জড়িত পলাতক অপর আসামী বাবুরাজ চাকমাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।'
গত ১জুন খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল নামক এলাকায় নয়নকে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তার পরদিনই এঘটনার জের ধরে লংগদুতে পাহাড়িদের বাড়ী ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ঘটনা বেগতিক দেখে তারা রাতের যেকোনো সময়ে দীঘিনালার মাইনী নদীতে নয়নের মোটর সাইকেলটি ফেলে দেয়। পরে পুলিশ ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে রুনেল ও জুনেলকে আটক করে।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদী থেকে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে নৌবাহিনী ডুবুরী দল, ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে নয়নের ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করে।
ইত্তেফাক/জামান