রাজধানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খিলক্ষেতের বনরূপা এলাকার রেললাইন থেকে একজনের এবং শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের সামনে এ থেকে অপরজনের লাশটি উদ্ধার করা হয়। তাদের দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. রবিউল্লাহ জানান, দুপুরে স্থানীয়রা বনরূপা কবরস্থান সংলগ্ন রেললাইনে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, তার পরনে কাল ফুল প্যান্ট ও সাদা কালো ফুলহাতা চেক শার্ট ছিল। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে শাহবাগ থানার এসআই ইমাম মেহেদী জানান, সাকুরা রেস্টুরেন্টের সামনের ফুটপাতে দুপুরে অচেতন অবস্থায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বেলা আড়াইটার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এসআই মেহেদী আরো জানান, মৃত ব্যক্তিকে দেখে মাদকাসক্ত বলে মনে হচ্ছে। তার পরনে ছিল পুরনো কালো প্যান্ট ও কালো গেঞ্জি।
ইত্তেফাক রিপোর্ট/এএম