তথ্য প্রযুক্তি আইনের মামলায় আফসান চৌধুরী জামিন

 
তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিষ্ট আফসান চৌধুুরী। সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করে। একইসঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
 
গত ৭ জুন সম্মানহানির অভিযোগে আফসান চৌধুুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রাজধানীর গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করা হয়। এই মামলায় আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন চান তিনি। তার পক্ষে অ্যাডভোকেট এম. আসাদুজ্জামান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল শুনানি করেন। পরে মনিরুজ্জামান রুবেল জানান, আফসান চৌধুরীকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
 
মামলা দায়েরের দিন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছিলেন, বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে আফসান চৌধুরী একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘আপন জুয়েলার্সের মালিকের ছেলে একজন ধর্ষক। বনানীর পিকাসো রেস্টুরেন্টের মালিকের ছেলেও একজন ধর্ষক। অপর একজন ধর্ষকের পরিচয় কী আপনারা জানেন? ওই ধর্ষকের বাবার নাম লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আপনারা কী জানেন?’
 
ওসি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ছেলে কানাডায় বসবাসরত। তার ছেলের সঙ্গে বনানীর পিকাসো রেস্টুরেন্টের কোনো সম্পর্ক নেই। এ কারণে ফেসবুকের ঐ পোস্টে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সম্মানহানি হয়েছে মনে করে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করেছেন।’
 
ইত্তেফাক/এএম।