নেত্রকোনা পৌর এলাকার প্রধান সড়কটির সংস্কার কাজ যথাসময়ে না হওয়ায় তা নিয়ে পৌর নাগরিকদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। আসলে এই সড়কের ঠিকাদার কে তাও এখন কেউ সঠিক করে বলতে পারছেন না। আর ঈদের আগে এ সড়ক সংস্কারও হবে না বলে পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এদিকে বর্তমানে যার নামে সড়ক সংস্কারের কার্যাদেশ তিনি তা অস্বীকার করে বলেন, তিনি নেত্রকোনা পৌরসভার কোনো সড়কের সংস্কার কাজের ঠিকাদার নন। তার লাইসেন্স ব্যবহার করে শহরের একজন প্রভাবশালী ব্যক্তি এ কাজ নিয়েছেন। পৌর কর্তৃপক্ষ বিষয়টি ভালো করে জানে বলেও তিনি উল্লেখ করেন। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া থেকে তেরীবাজার মোড় হয়ে রাজুর বাজার পর্যন্ত প্রায় তিন কি.মি. সড়ক নষ্ট হওয়ার পর নতুন করে সড়ক সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ দেয়। যথাসময়ে টেন্ডার হওয়ার পর গত মার্চ মাসে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারকে কার্যাদেশও দেয়। কিন্তু এখন পর্যন্ত সড়ক সংস্কারের কাজের কোনো অগ্রগতি নেই। সড়কে এখন এত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছে ছোট ছোট যানবাহন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অটো দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারকে কাজ করার জন্য ইতিমধ্যে দুটি চিঠি দেয়া হয়েছে এবং মৌখিকভাবেও তাগাদা দেয়া হচ্ছে। এমনকি এই কাজের নেপথ্যে যিনি ঠিকাদার তাদের সঙ্গেও পৌর মেয়র কথা বলেছেন কাজটি দ্রুত করার জন্য। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, ঠিকাদারকে বার বার সড়ক সংস্কারের জন্য বলা হচ্ছে। কিন্তু ঠিকাদার কাজ করছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/নূহু