কোথাও শোনা যাচ্ছে স্কুল পড়ুয়া বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে আবার কোথাও শোনা যাচ্ছে মাথা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এমনি সব গুজবে আতংকিত রয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকাবাসী।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, বেশ কয়েকদিন ধরে মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে চায়ের দোকানে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে মানুষ ধরে নিয়ে যাওয়া এবং তাদের মাথা কেটে নেওয়া এমনি গুজব ঘটনার কথা। নিজ চোখে এমন ঘটনা কেউ না দেখলেও শোনা কোথায় বিশ্বাস করে অনেকে তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আবার অনেকে তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।
পৌর এলাকার কেম্পপাড়া গ্রামের রেহেনা খাতুর বলেন, তাদের পাড়ার সকলের মুখে-মুখে এমন ঘটনার কথা শোনা যাচ্ছে। তিনি আরও বলেন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে, স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত আতংকে থাকি। হুদাশ্রীরামপুর গ্রামের জাহিদুল ইসলাম বলেন,ফোনের মাধ্যমে অনেক আত্মীয় তাকে ছেলে-মেয়ে ধরে নিয়ে যাওয়া এবং তাদের মাথা কেটে নেওয়ার ঘটনার কথা জানিয়েছেন। এবং তাদেরকে সতর্ক থাকতে বলেছেন।
চড়কতলা মোড়ের চায়ের দোকানদার আয়নাল হক বলেন, চা খেতে আসা অনেকের মুখ থেকে শুনেছেন বিভিন্ন এলাকা থেকে মানুষ ধরে নিয়ে যাওয়ার কথা। তবে তিনি তা বিশ্বাস করেন না বলে জানান। এ বিষয়ে মহেশপুর থানার ওসি আহমেদ কবির জানান, এ ধরনের অভিযোগ আমরা শুনেছি,তবে এমন ঘটনা কোথাও এখনও পর্যন্ত ঘটেনি। তিনি আরও বলেন, যদি ছদ্মবেশী বা অপরিচিত সন্দেহজনক কাউকে ঘুরা-ঘুরি করতে দেখা যায় তাহলে সাথে সাথে থানাতে খবর দিবেন।
গুজব আতংক বর্তমানে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকার কোমলমতি শিশু সহ তাদের পরিবারের লোকজন আতংকিত রয়েছেন।
ইত্তেফাক/সাব্বির