পাহাড় ধসে তিন জেলায় ৫৫ জনের মৃত্যু

ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্টগ্রাম, ও বান্দরবানে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব নিহতের খবর পাওয়া যায়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
IMG0
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে মঙ্গলবার সকাল পর্যন্ত সেনাবাহিনীসহ ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
 
জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানিয়েছে, এ পর্যন্ত ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সকলের নাম পরিচয় জানা যায় নি। এখনও ওই এলাকায় বৃষ্টি হচ্ছে।
IMG1
চট্টগ্রাম অফিস জানায়, টানা ও ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও বাকুলিয়ায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের জন সংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে, চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে দুর্গতদের সরাতে জেলা প্রশাসনের ২টি টিম কাজ করেছে। একটি টিম নগরীর লালখান বাজার মতিঝরনা এলাকায় ও অপর টিম বায়েজিদ ও মুরাদপুর এলাকায় নিয়োজিত ছিল। 
 
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ইত্তেফাক অনলাইনকে জানান, অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
IMG2
বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড়ধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পৌর মেয়র, জেলা প্রশাসক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। রুমা, থানছি, রুয়াং ছড়ি, চট্ট্রগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। 
 
ইত্তেফাক/এমআই